দুই দিন ধরে চলবে বিশ্ব ডাক দিবস

দুই দিন ধরে চলবে বিশ্ব ডাক দিবস
৭ অক্টোবর, ২০২৫ ১৯:২২  
৭ অক্টোবর, ২০২৫ ২১:২৫  

ডাক সেবা আজ শুধু চিঠিপত্রের সীমাবদ্ধ নয়—ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন পার্সেল, ই-কমার্স ডেলিভারি, পোস্টাল ব্যাংকিং ও সেবা সহজীকরণে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন বাস্তবতায় আগামী ৯ অক্টোবর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব ডাক দিবস। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে এ উপলক্ষ্যে রাজধানীর ডাক ভবনে আগামী ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য -Post for People: Local Service, Global Reach “জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।” বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই এই দিবসটি পালিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৮ অক্টোবর বিকেল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সূত্রমতে, দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ৯ অক্টোবর সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

সকাল ১০টায় ডাক ভবনে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধি।

বিকাল সাড়ে তি টায় “আগামীর ভাবনায় ডাক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।

১০ অক্টোবর, সমাপনী দিনে সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব ডাক দিবস  উপলক্ষ্যে  প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।