আরও ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কিনছে মাইক্রোসফট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জাপানি নবায়নযোগ্য শক্তি প্রতিষ্ঠান ‘শিজেন এনার্জি’র কাছ থেকে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে। এই চুক্তি মাইক্রোসফটের দ্রুত বাড়তে থাকা ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পূরণের অংশ হিসেবে নেওয়া হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
গত সপ্তাহে ঘোষিত এই চুক্তির আওতায় চারটি সৌরবিদ্যুৎ প্রকল্প রয়েছে—এর মধ্যে একটি ইতোমধ্যে চালু হয়েছে এবং বাকি তিনটি নির্মাণাধীন। চুক্তিটি ২০ বছরের জন্য কার্যকর থাকবে।
সিয়াটলভিত্তিক মাইক্রোসফট বর্তমানে জাপানে দুটি ডেটা সেন্টার পরিচালনা করছে এবং আগামী বছরে দেশটিতে আরও ২.৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌরবিদ্যুৎ প্রযুক্তি কোম্পানিগুলোর প্রিয় উৎসে পরিণত হয়েছে, কারণ এটি স্বল্প সময়ে ও কম খরচে নির্মাণ করা যায়। সাধারণত ১৮ মাসের মধ্যেই একটি প্রকল্প সম্পন্ন হয় এবং আংশিকভাবে চালু অবস্থায় বিদ্যুৎ ব্যবহার শুরু করা সম্ভব।
উল্লেখ্য, চলতি বছরেই মাইক্রোসফট বিশ্বজুড়ে এক গিগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি করেছে, যা কোম্পানির সবুজ জ্বালানি উদ্যোগে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







