ইএফটি-তে বেতন পাচ্ছেন কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা

ইএফটি-তে বেতন পাচ্ছেন কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা
২৪ আগষ্ট, ২০২৫ ০৯:৩৮  
২৪ আগষ্ট, ২০২৫ ১২:৪০  

গত ২২ আগস্ট থেকে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন পেতে শুরু করেছেন কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। 

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। 

তার প্রত্যাশা, এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বেতন প্রাপ্তির পদ্ধতিগত জটিলতায় ভোগান্তিতে কমার পাশাপাশি বেতন তুলতে গিয়ে বাড়তি খরচ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাবেন সারাদেশের কমিউনিটি ক্লিনিকে কাজ করা প্রায় ১৪ হাজার স্বাস্থ্য কর্মী। 

২৩ আগস্ট, শনিবার কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, বেতন ছাড়াও সরকার প্রদত্ত যে কোনো পারিতোষিক এখন থেকে বিকাশের মাধ্যমে দেওয়া হবে। এর ফলে সিস্টেম লস শূন্যে নেমে এসেছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। 

জানা গেছে, বেতন ছাড়াও সিএইচসিপিদেরকে সরকার প্রদত্ত যে কোনো পারিতোষিক (অর্থ) চলতি মাস থেকে বিকাশের মাধ্যমে দেওয়া শুরু হয়েছে। এই পদ্ধতিতে সিস্টেম লস শূন্যে নামানো সম্ভব হয়েছে। স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা প্রদানে স্বচ্ছতা আনতে এই উদ্যোগকে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের যুগান্তকারী সাফল্য মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথমে সিএইচসিপিদের চাকরি প্রকল্পের অধীনে থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ সেক্টর প্রোগ্রামের অপারেশনাল প্ল্যান (ওপি) মাধ্যমে বেতন দেওয়া হত। অন্তর্বর্তী সরকার সিএইচসিপিদের চাকরি ট্রাস্টে ন্যস্ত করেছে। সবশেষ গত জানুয়ারিতে ১৬তম গ্রেডের এই স্বাস্থ্যকর্মীদের চাকরি জাতীয়করণ করা হয়। 

সংশ্লিষ্টরা মনে করছেন, বেতন প্রদানে ইএফটি এবং পারিতোষিক প্রদানে বিকাশ ব্যবহারের উদ্যোগটি কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের যুগান্তকারী সাফল্য। এতে শুধু স্বচ্ছতা নয়, বরং গ্রামীণ স্বাস্থ্যসেবায় যুক্ত কর্মীদের মনোবল ও আস্থা বৃদ্ধি পাবে।