ডাকসু নির্বাচনে সাইবার বুলিং ঠেকাতে কড়া পদক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর পরিবেশ স্বাভাবিক রাখা ও সাইবার বুলিং প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চিঠিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘শিক্ষার্থী সংসদ-২’সহ কয়েকটি ফেসবুক পেজ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রভাবমুক্ত রাখতে ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশন’ এর সকল কার্যক্রম ও শাটল সার্ভিসও ওই সময় পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রার্থীদের স্থাপন করা বিলবোর্ড-ব্যানারও সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। কোনো প্রার্থী বা পক্ষ স্বেচ্ছায় সেবামূলক কাজ, উপঢৌকন বিলি, অর্থ সহযোগিতা কিংবা আপ্যায়ন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।
প্রচারণা সংক্রান্ত সময়সীমাও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৫ আগস্ট পর্যন্ত কেউ প্রচারণা চালাতে পারবে না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন।
তবে এ সময়েও সামাজিক বা আর্থিক সহযোগিতা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
প্রশাসন জানিয়েছে, এসব নিয়ম ভঙ্গ করলে, তা নির্বাচন আচরণবিধি ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে।
নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।







