লালন মেলায় তিন দিনে মোবাইল হারানোর ৮৬ জিডি
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন উৎসবে মোবাইল ফোন হারানো ও চুরির ঘটনায় থানায় ৮৬টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। উৎসবে বিপুলসংখ্যক মানুষের সমাগমের মধ্যে এসব ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো মোবাইল ফোন উদ্ধার বা এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন […] The post লালন মেলায় তিন দিনে মোবাইল হারানোর ৮৬ জিডি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন উৎসবে মোবাইল ফোন হারানো ও চুরির ঘটনায় থানায় ৮৬টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। উৎসবে বিপুলসংখ্যক মানুষের সমাগমের মধ্যে এসব ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো মোবাইল ফোন উদ্ধার বা এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সাধু, বাউল ও ভক্ত-দর্শনার্থী সমবেত হন। তাঁদের উপস্থিতিতে আখড়াবাড়ি এলাকা মুখর হয়ে ওঠে।
তবে উৎসবের ভিড়ে মোবাইল ফোন হারিয়ে ভোগান্তিতে পড়েন অনেক দর্শনার্থী। কয়েকজন ভুক্তভোগীর দাবি, অতিরিক্ত জনসমাগমের মধ্যে তাঁদের মোবাইল ফোন চুরি হয়েছে। এসব ঘটনায় তাঁরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয় সাংবাদিক আরাফাত হোসেনও উৎসবে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন। তিনি জানান, মেলার দ্বিতীয় দিন লালন মঞ্চের অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় তাঁর পকেটে মোবাইল ফোনটি পাননি। পরে তিনি এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আরাফাত হোসেন আরও বলেন, এত মানুষের সমাগমের মধ্যে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও বেশি নজরদারি রাখা প্রয়োজন ছিল।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, বুধবার পর্যন্ত মাজার এলাকায় মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় ৮৬টি সাধারণ ডায়েরি হয়েছে। এসব ঘটনা তদন্তে পুলিশের একটি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো মোবাইল ফোন উদ্ধার কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে উৎসবে আসা দর্শনার্থীদের মধ্যে মোবাইল ফোন হারানো ও চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। ভিড়ের মধ্যে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা-ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করার প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
The post লালন মেলায় তিন দিনে মোবাইল হারানোর ৮৬ জিডি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





