এআই ও ফিউচার স্কিলস নিয়ে ১০ দেশের বিশেষজ্ঞদের ভার্চুয়াল আলোচনা 

ইউনেট আন্তর্জাতিক যুব আপস্কিল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

  • আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস উপলক্ষে ওয়াইইউনেট আপস্কিল সামিট সিজন ২ অনুষ্ঠিত
  • ১০টি দেশের ২৫ জন বিশিষ্ট বক্তা ও প্যানেলিস্ট এতে অংশ নেন
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎসহ ৫টি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করা হয়

ইউনেট আন্তর্জাতিক যুব আপস্কিল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
১৮ জুলাই, ২০২৬ ০৯:৪৩  
১৮ জুলাই, ২০২৬ ১৮:২৯  

বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপনের অংশ হিসেবে অত্যন্ত সফলতার সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্পন্ন হয়েছে "The YUNet International Youth Upskill Summit 2026, Season 2"। বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুব আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) আয়োজিত এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে বিশ্বজুড়ে তরুণ সমাজ, শিল্পনেতা, শিক্ষাবিদ, উদ্যোক্তা, উন্নয়নকর্মী এবং পরিবর্তনের কারিগরদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়।

দিনব্যাপী এই সম্মেলনে বর্তমান প্রজন্মের তরুণদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক পাঁচটি ভবিষ্যৎ-মুখী সেশন পরিচালিত হয়। সেশনগুলোর মধ্যে ছিল—এআই ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং: এআই অর্থনীতিতে ব্যবসা গঠন, উচ্চশিক্ষা ও ফিউচার-প্রুফ লার্নিং, সামাজিক প্রভাব: ডিজিটাল যুগে নেতৃত্বের পরিবর্তন এবং কর্পোরেট ক্যারিয়ার: এআই-চালিত কর্মক্ষেত্রে মানবীয় দক্ষতা।

১৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুলাই, শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উদীয়মান বিশ্ব পরিমণ্ডলে ভবিষ্যৎ দক্ষতা, প্রযুক্তি, শিক্ষা, উদ্যোক্তা এবং যুব উন্নয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈশ্বিক আগ্রহের প্রতিফলন হিসেবে ১৫টিরও বেশি দেশের ১,০০০ এরও বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে নিবন্ধন করেন।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন ও ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায় বক্তারা কাজের পরিবর্তনশীল ধরন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা সৃষ্ট সুযোগ ও চ্যালেঞ্জ, উচ্চশিক্ষার ভবিষ্যৎ, ডিজিটাল অর্থনীতিতে উদ্যোক্তা উদ্যোগ, সামাজিক প্রভাব তৈরিতে প্রযুক্তির ভূমিকা এবং ক্রমবর্ধমান এআই-চালিত কর্মক্ষেত্রে অপরিহার্য মানবীয় দক্ষতা নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

 এই বর্ণাঢ্য সামিটটি ইভেন্ট ডিরেক্টর হিসেবে পরিচালনা করেন ইউনেট প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা মো. আলতামিস নাবিল এবং ইভেন্ট কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াইইউনেটের প্রধান পরিচালন কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা মাহির আশেদ।

আয়োজক দল, কান্ট্রি অ্যাম্বাসেডর, পার্টনার, স্পিকার ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈচিত্র্যময় আন্তর্জাতিক সম্প্রদায়কে এক প্ল্যাটফর্মে যুক্ত করা সম্ভব হয়। বিভিন্ন দেশের যুবকদের মাঝে এই উদ্যোগের পরিধি বাড়াতে ইভেন্ট পার্টনার, আউটরিচ পার্টনার এবং আপস্কিলিং পার্টনারদের একটি শক্তিশালী নেটওয়ার্ক এই সামিটে সহযোগিতা প্রদান করে।

সিজন ২ এর সফল সমাপ্তি যুব সমাজকে লার্নিং, কোলাবরেশন এবং গ্লোবাল এক্সপোজারের মাধ্যমে ক্ষমতায়নের পথে ওয়াইইউনেটের যাত্রায় আরও একটি বড় মাইলফলক হিসেবে যুক্ত হলো।
//ডিবিটেক/ এএনএল/এসএমই//