শিশুদের জন্য আলাদা গেমিং প্ল্যাটফর্ম আনল নেটফ্লিক্স
শিশুদের জন্য আলাদা একটি গেমিং অ্যাপ চালু করেছে নেটফ্লিক্স। ‘প্লেগ্রাউন্ড’ নামের এই অ্যাপটি ৮ বছর বা তার কম বয়সীদের জন্য তৈরি, যা স্মার্টফোন ও ট্যাবলেটে বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে নেটফ্লিক্সের সব সদস্যই এটি ব্যবহার করতে পারবেন এবং এতে কোনো বিজ্ঞাপন বা ইন-অ্যাপ কেনাকাটা থাকবে না।
এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই চলে। ফলে দীর্ঘ বিমান ভ্রমণ বা বাইরে কোথাও থাকার সময়ও বাচ্চারা নির্বিঘ্নে খেলতে পারবে। বাচ্চাদের গেমিংয়ের এই এক্সপেরিয়েন্স অভিভাবকরাও সহজে গ্রহণ করতে পারবেন।
প্রাথমিকভাবে অ্যাপটিতে বেশ কয়েকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির গেম রাখা হয়েছে। যেমন:
- প্লেটাইম উইথ পেপ্পা পিগ (পেপ্পা পিগ ও বন্ধুদের নিয়ে মিনিগেম)
- সেসিমি স্ট্রিট গেম, যেখানে এলমো, বিগ বার্ড, কুকি মনস্টারদের সঙ্গে মিনিগেম, মেমরি কার্ড গেম, ডট জোড়া দেওয়ার গেম থাকছে
- ড. সিউস–এর গল্পের গেম
- ব্যাড ডাইনোসরস রেসিং গেম
- স্টিকার বুক কালেকশন ও জিগস পাজল
নেটফ্লিক্স জানিয়েছে, আগামী দিনে এই প্ল্যাটফর্মে গেমের লাইব্রেরি আরও বাড়বে। এখন শুধু যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই অ্যাপটি পাওয়া যাচ্ছে। আগামী ২৮ এপ্রিল বৈশ্বিক উন্মোচন করা হবে।
আলাদা গেমিং অ্যাপ আনার এই সিদ্ধান্ত নেটফ্লিক্সের শিশুদের জন্য গেমিংয়ের প্রতি আগ্রহেরই বহিঃপ্রকাশ। যদিও সম্প্রতি নেটফ্লিক্স ইন্টারঅ্যাকটিভ গেমিং বিভাগে কিছুটা ধাক্কা খেয়েছে।
২০২৪ সালে তাদের ট্রিপল-এ গেমিং স্টুডিও বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু গেম সেবা থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু শিশুদের আলাদা অ্যাপ আনার মাধ্যমে তারা যেন একটু সুরক্ষিত ও মনোরম গেমিং পরিবেশ তৈরি করতে চায়, তা বোঝা যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র : এনগ্যাজেট







