স্যামসাংকে ৪৪৫.৫ মিলিয়ন ডলার জরিমানা

স্যামসাংকে ৪৪৫.৫ মিলিয়ন ডলার জরিমানা
১২ অক্টোবর, ২০২৫ ১০:৩৮  

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মার্শাল আদালতের একটি ফেডারেল জুরি শুক্রবার রায় দিয়েছে যে, স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড ৪জি, ৫জি এবং ওয়াই-ফাই যোগাযোগ প্রযুক্তি-সংক্রান্ত চারটি পেটেন্ট লঙ্ঘন করেছে। ফলে প্রতিষ্ঠানটিকে পেটেন্ট মালিক কলিশন কমিউনিকেশনসকে প্রায় ৪৪৫.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। খবর রয়টার্স।

রায়ে বলা হয়েছে, স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ওয়্যারলেস ডিভাইসগুলো এই পেটেন্টগুলো লঙ্ঘন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে একই আদালতে স্যামসাং একাধিকবার এমন উচ্চমূল্যের পেটেন্ট মামলার রায়ের মুখোমুখি হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার বিএই সিস্টেমসের গবেষণা থেকে উদ্ভূত প্রযুক্তির ওপর ভিত্তি করে পিটারবোরো, নিউ হ্যাম্পশায়ার-ভিত্তিক কলিশন কমিউনিকেশনস ২০২৩ সালে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে বিএই সিস্টেমস এই মামলার অংশ নয়।

স্যামসাং অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সংশ্লিষ্ট পেটেন্টগুলো অবৈধ এবং প্রযোজ্য নয়।

ডিবিটেক/বিএমটি