যুক্তরাষ্ট্রে লাখ লাখ চীনা পণ্য সরিয়ে ফেলছে অনলাইন বিক্রেতারা
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, দেশের প্রধান অনলাইন খুচরা বিক্রেতারা নিষিদ্ধ চীনা ইলেকট্রনিকস পণ্যের কয়েক মিলিয়ন তালিকা ওয়েবসাইট থেকে সরিয়েছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে। খবর রয়টার্স।
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার জানিয়েছেন, এসব সরানো পণ্যের মধ্যে রয়েছে হুয়াওয়ে, হাংজু হিকভিশন, জেডটিই এবং দাহুয়া টেকনোলজি কোম্পানির তৈরি হোম সিকিউরিটি ক্যামেরা ও স্মার্টওয়াচ, যা যুক্তরাষ্ট্রের অনুমোদিত তালিকায় নেই বা সরাসরি নিষিদ্ধ।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলো নতুন নিরাপত্তা প্রক্রিয়া প্রবর্তন করছে যাতে ভবিষ্যতে নিষিদ্ধ পণ্য বিক্রির সুযোগ না থাকে। কার বলেন, “আমরা আমাদের তৎপরতা আরও জোরদার করব।”
এফসিসি সতর্ক করেছে, এই ধরনের যন্ত্রপাতি চীনা পক্ষকে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি বা যোগাযোগ নেটওয়ার্কে বিঘ্ন ঘটানোর সুযোগ দিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা টেলিকম, সেমিকন্ডাক্টর ও যানবাহন খাতে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে।
এ পদক্ষেপ চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বাজারে কঠোর নিয়ন্ত্রণের নতুন ধাপ হিসেবে ধরা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







