ঠাকুরগাঁওয়ে ইট ভাটার সফটওয়্যার নিয়ে মিটআপ
ব্যবসায়ীদের হিসাব-নিকাশ সহজ ও আধুনিক করতে প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে টেক-মিটআপ করলো এসএমই সফটওয়্যার সল্যুশন।
১১ অক্টোবর, শনিবার দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মিট-আপের নাম দেয়া হয় ‘ব্যবসা ও প্রযুক্তি একত্রিতকরণ মিলন মেলা’। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে ব্যবসা পরিচালনায় প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ব্যবসার হিসাব-নিকাশ, বিক্রয়, ব্যয়, লাভ—সবকিছু এখন এক সফটওয়্যারের মাধ্যমে সহজেই পরিচালনা করা সম্ভব। এসময় তাদের বক্তব্য এবং অনুষ্ঠানে প্রদর্শিত সফটওয়্যারের নানা সুবিধা দেখে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ইটভাটা মালিক ও ব্যবসায়ী সফটওয়্যার ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।
আয়োজক প্রতিষ্ঠান এসএমই সফটওয়্যার সল্যুশনের কর্মকর্তারা জানান, অল্প খরচে ৩৬০ ডিগ্রি ভাটা সফটওয়্যার ব্যবহার করে উদ্যোক্তারা তাদের ব্যবসার হিসাব আরও নির্ভুল ও দ্রুতভাবে রাখতে পারবেন। শুধু সফটওয়্যার সরবরাহ নয়, এর সঙ্গে ব্যবহার প্রশিক্ষণ ও সার্বক্ষণিক টেকনিক্যাল সাপোর্টও দেওয়া হবে বলে জানান তারা।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান হাজ্জাজ বিন ইব্রাহিম। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকলে ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমরা চাই, প্রত্যন্ত এলাকার উদ্যোক্তারাও যেন ডিজিটাল হিসাব ব্যবস্থাপনায় এগিয়ে আসে।
এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে সফটওয়্যারের সুবিধা ও ব্যবহারিক দিক তুলে ধরেন এসএমই সফটওয়্যার সল্যুশনের ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক আলম। তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দেওয়া। যাতে তারা বড় কোম্পানির মতোই সুশৃঙ্খলভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন।
অনুষ্ঠানে সফটওয়্যার ব্যবহার করে ইতোমধ্যেই উপকৃত হওয়া কয়েকজন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, সফটওয়্যার ব্যবহারে ব্যবসার হিসাব-নিকাশে সময় ও শ্রম অনেক কমে গেছে এবং ভুলের পরিমাণও প্রায় শূন্যে নেমে এসেছে।







