স্টারলিংককে বাণিজ্যিক সেবা শুরুর চূড়ান্ত অনুমোদন ভারতের
ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক ভারতের স্পেস রেগুলেটর থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, এর মাধ্যমে কোম্পানিটি দেশটিতে বাণিজ্যিক কার্যক্রম শুরুর সব বাধা অতিক্রম করল। খবর রয়টার্স।
২০২২ সাল থেকে স্টারলিংক ভারত সরকারের লাইসেন্সের অপেক্ষায় ছিল। গত মাসে তারা টেলিকম মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পেলেও স্পেস বিভাগের অনুমোদন বাকি ছিল।
ভারতে স্টারলিংক হবে তৃতীয় স্যাটেলাইট সেবা প্রদানকারী, এর আগে ইউটেলস্যাটের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও অনুমোদন পেয়েছে।
এখন স্টারলিংককে স্পেকট্রাম বরাদ্দ, গ্রাউন্ড অবকাঠামো তৈরি এবং নিরাপত্তা যাচাই পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখযোগ্যভাবে, স্পেকট্রাম বরাদ্দ নিয়ে মাস্ক ও মুকেশ আম্বানির জিওর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল, যেখানে সরকার মাস্কের পক্ষে সিদ্ধান্ত দেয়।
ডিবিটেক/বিএমটি







