রিটার্ন দাখিলে অব্যাহতি পাচ্ছে বিটিআরসি, টার্নওভার কমছে এমএনওদের
আগামী বছর স্বাভাবিক ব্যক্তি শ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। আগামীতে যেন কোম্পানি করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাকে অব্যাহতি পেতে যাচ্ছে বিটিআরসি। পুঁজিবাচারে তালিকাভূক্ত টেলিকম কোম্পানির কর হারের ব্যবধান বাড়ছে। অর্ধেকে নামছে ইন্টারনেটের উৎসে কর। ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল হচ্ছে। এছাড়াও পরিবেশ বান্ধব যান হিসেবে বৈদ্যুত গাড়ির ওপর সারচার্জ অপরিবর্তিত থাকছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই ঘোষণা দিতে পারেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তব্যে দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব ও বিনিয়োগবান্ধব করার ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেশকিছু উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়ার কথা শোনাতে পারেন অর্থ উপদেষ্টা।
- বাজেটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ এ ধরনের সংস্থাগুলোর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেওয়া হতে পারে।
- মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করলেও ব্যবসায়ী করদাতাদের টার্নওভার করের হার ১ শতাংশ নামিয়ে আনার সুবিধা পাবে না তারা।
- পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে গ্রামীণফোন, রবি’র মতো টেলিকম খাতের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হতে পারে।
- ইন্টারনেট সেবা থেকে উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ, সিকিউরিটিজের সুদ হতে উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ, বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে উৎসে কর ৬ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হতে পারে।
- ডাটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে।
- মোবাইল সিমের ওপর সম্পূরক শুল্ক থাকছে ২০ শতাংশ।
- পরিবেশবান্ধব রিসাইক্লিং শিল্পকে উৎসাহিত করতে এই শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করা হতে পারে।
- করভিত্তি সম্প্রসারণ, কর সংস্কৃতির বিকাশ ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে বিদ্যমান ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ডসহ ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হতে পারে।
- পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ না করার কথা বলতে পারেন অর্থ উপদেষ্টা। সেই সঙ্গে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের জন্য সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখার ঘোষণা আসতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সব সরকারি কর্মকর্তা, দেশের সব তফসিলি ব্যাংক ও কিছু নির্দিষ্ট কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকায় এবং জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবার সংসদে বাজেট উপস্থান করা হবে না। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে।







