ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’র ঝোড়ো হাওয়া

ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’র ঝোড়ো হাওয়া
৩১ মে, ২০২৬ ১২:৫৫  

প্রেক্ষাগৃহে ব্যবসায়িক রেকর্ডের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এবং তানিম নূরের পরিচালনায় নির্মিত এই স্টার-স্টাডেড সিনেমাটি গত ২৪ মে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক খরায় ভুগতে থাকা অনলাইন দুনিয়ায় নতুন উন্মাদনা তৈরি করেছে। 

হইচই কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ওটিটিতে মুক্তির পর থেকেই সিনেমাটির সাবস্ক্রিপশন এবং ওয়াচ টাইম বা দেখার সময় আশাতীতভাবে বাড়ছে। সাধারণত ঈদের পরবর্তী সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দর্শক সংখ্যা বৃদ্ধির যে প্রবণতা থাকে, এবার ‘বনলতা এক্সপ্রেস’ সেই ধারাকে আরও বেগবান করেছে। বিশেষ করে গত কয়েক দিনে ছবিটির ভিউয়ারশিপ ও ওয়াচ টাইম আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং চলচ্চিত্রপ্রেমীরা এখন ঘরে বসেই স্মার্টফোনের পর্দায় এই ব্লকবাস্টার সিনেমাটি উপভোগ করছেন।

এদিকে সিনেমাটির অনলাইন ওটিটি দর্শক বাড়ার পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল স্থানীয় ফিল্ম সোসাইটি।

তবে স্থানীয় কওমি শিক্ষার্থীদের একটি অংশের আপত্তির মুখে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজকরা শেষ পর্যন্ত প্রদর্শনীটি স্থগিত করতে বাধ্য হন। সেন্সর সনদ পাওয়ার পরও এভাবে প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্মাতা তানিম নূর। তিনি বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার এই প্রদর্শনী স্থগিতের ঘটনাটি সিনেমাটি নিয়ে কৌতূহলের জন্ম দিয়েছে। অনেক দর্শক যারা আগে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাননি, তারা এখন কৌতূহলী হয়ে ওটিটি প্ল্যাটফর্মে এটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। যদিও এই সুনির্দিষ্ট বিতর্কের কারণেই ওটিটিতে ভিউ হু হু করে বাড়ছে কি না, তার কোনো দাপ্তরিক পরিসংখ্যান নেই; তবে এ কথা স্পষ্ট যে এই মুহূর্তে ‘বনলতা এক্সপ্রেস’ অনলাইন ও অফলাইন উভয় জগতেই দেশের বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
/ডিবিটেক/এনএ/ইকে/