২০২৬ সালে বৃহৎ পরিসরে ব্রেন ইমপ্লান্টের ঘোষণা ইলন মাস্কের
ইলন মাস্কের ব্রেন ইমপ্লান্ট কোম্পানি নিউরালিংক ২০২৬ সাল থেকে ব্রেন–কম্পিউটার ইন্টারফেস ডিভাইসের ‘উচ্চমাত্রার উৎপাদন’ শুরু করবে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রোপচার পদ্ধতিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে রয়টার্স।
নিউরালিংকের এই ইমপ্লান্ট মূলত মেরুদণ্ডে আঘাতসহ গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে। প্রথম পরীক্ষামূলক রোগী ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গেম খেলা, ইন্টারনেট ব্রাউজ করা, সামাজিক মাধ্যমে পোস্ট করা এবং ল্যাপটপে কার্সর নিয়ন্ত্রণের সক্ষমতা দেখিয়েছেন।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত আপত্তি কাটিয়ে ২০২৪ সালে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে নিউরালিংক।
প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বিশ্বজুড়ে গুরুতর পক্ষাঘাতে আক্রান্ত অন্তত ১২ জন ব্যক্তি এই ইমপ্লান্ট ব্যবহার করছেন। জুন মাসে নিউরালিংক ৬৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগও সংগ্রহ করেছে।
ডিবিটেক/বিএমটি







