মাইক্রোসফট অ্যাজিউর সেবায় বিভ্রাট

মাইক্রোসফট অ্যাজিউর সেবায় বিভ্রাট
৭ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৯  

মাইক্রোসফট জানিয়েছে, লোহিত সাগরে একাধিক আন্ডারসি ফাইবার কাটা পড়ায় তাদের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজিউরের ব্যবহারকারীরা বাড়তি লেটেন্সি বা দেরি অনুভব করতে পারেন। আপডেটেড স্ট্যাটাস বার্তায় কোম্পানিটি জানায়, মধ্যপ্রাচ্যের রুট ব্যবহার করা নেটওয়ার্ক ট্র্যাফিক সাময়িকভাবে প্রভাবিত হচ্ছে। খবর এনগ্যাজেট।

মাইক্রোসফট বলেছে, “আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের রুটে কিছু ট্র্যাফিকে বাড়তি লেটেন্সি থাকবে। তবে যেসব নেটওয়ার্ক ট্র্যাফিক মধ্যপ্রাচ্য হয়ে যায় না, সেগুলো প্রভাবিত নয়। পরিস্থিতি পরিবর্তন হলে আমরা নিয়মিত আপডেট দেব।”

ক্লাউড সেবায় প্রভাব কমাতে কোম্পানিটি বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক ঘুরিয়ে দিয়েছে। ফলে আজুরের কার্যক্রম বন্ধ হয়নি, বরং কিছু গ্রাহক শুধু গতি কমে যাওয়ার অভিজ্ঞতা পাচ্ছেন।

আজুর বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী, অ্যামাজনের এডব্লিউএসের পরই এর অবস্থান।

ডিবিটেক/বিএমটি