ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জির মধ্যে চুক্তি সই
সারাদেশে পরিবেশবান্ধব বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এবং সকলের জন্য পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পরিচ্ছন্ন যানবাহন ও জ্বালানি উদ্ভাবনের উদ্যোগ টাইগার নিউ এনার্জি লিমিটেড। এই অংশীদারিত্ব টেলিকম অবকাঠামোতে প্রচলিত জ্বালানির পরিবর্তে কার্বন নিঃসরণ কমিয়ে সবার জন্য জ্বালানির সমান সুবিধা নিশ্চিত করবে বলে মনে করছে উভয় প্রতিষ্ঠান।
চুক্তির অধীনে টেকসই ও পরিবেশ বান্ধব ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, সোয়াপিং স্টেশন এবং চার্জিং স্টেশন সিস্টেম স্থাপন করা হবে। এরমধ্যে ব্যাটারি-এজ-আ-সার্ভিস (বিএএএস): সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, যা গ্রিডে বিদ্যুৎ না থাকলেও টেলিকম টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবে। ফলে নেটওয়ার্ক সংযোগ সবসময় একইরকম থাকবে।
এছাড়াও ইডটকোর টাওয়ার সাইটগুলোতে স্থাপিত সোয়াপ পয়েন্ট, যা বৈদ্যুতিক যানবাহন, বিশেষ করে দুই ও তিন চাকার বাহনের চলাচলকে সহজতর করবে, চার্জিংয়ের সময় কমাবে এবং শেয়ারযোগ্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার সহায়ক হবে।
একইসঙ্গে সহজে ব্যবহারযোগ্য চার্জিং পয়েন্ট, যা রিকশা ও ইজিবাইকের মতো বাহনগুলোকে বিদ্যুৎ চার্জ দেওয়ার সুযোগ দেবে, যা সকলের জন্য পরিচ্ছন্ন জ্বালানিকে সহজলভ্য করে তুলবে।
চুক্তি নিয়ে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “এই অংশীদারিত্ব শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়; বরং একটি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে সাহসী পদক্ষেপ। পরিচ্ছন্ন জ্বালানিকে স্মার্ট অবকাঠামোর সঙ্গে একীভূত করে আমরা টেকসই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করছি এবং মানুষের জীবনে প্রকৃত প্রভাব তৈরি করছি।”
টাইগার নিউ এনার্জির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিকোল মাও বলেন, “ইডটকোর সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মুল উদ্দেশ্য প্রান্তিক জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই উদ্ভাবনী সমাধানগুলো পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির নতুন পথ উন্মুক্ত করছে, কার্বন নিঃসরণ কমাচ্ছে এবং সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ভবিষ্যতে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এটি হলো প্রকৃত অর্থে যৌথ অগ্রগতির বাস্তব উদাহরণ।”
০৭-জুলাই/ডিজিবিটেক/ইএম







