কাস্টমস সেবায় ৩টি নতুন সফটওয়্যার উদ্বোধন
কাস্টমস সেবা সহজ করতে নতুন তিনটি সফটওয়্যার কার্যক্রম উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। ৭ জুলাই, সোমবার দুপুরে ঢাকা কাস্টম হাউজের অপারেটিং কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রবাসীদের জন্য ব্যাগেজ রুল সহজ করার সফটওয়্যার (ব্যাগেজ রুলস) এবং বিআর চালান (এ চালান) ও ডিএম (ডিটেনশন ম্যামো) সফ্টওয়্যারের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসময় চেয়ারম্যান জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই সব ধরনের লেনদেন এ-চালানের আওতায় চলে আসবে। এভাবেই প্রযুক্তির ব্যবহারে রাজস্ব আদায় বৃদ্ধি ও সেবা সহজ করার পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে এনে কর্মকর্তাদের মধ্যে আস্থা তৈরি করার কৌশল নিয়েই এগিয়ে যেতে চাইছেন এনবিআর প্রধান।
চেয়ারম্যানবিরোধী আন্দোলন ও কর্মকর্তাদের বরখাস্তের ঘটনায় চলমান উত্তাপ কমাতে সম্প্রীতির বার্তা নিয়ে এপরিদর্শন জলেও রাজস্ব আদায়ে ইতিবাচক ধারার পাশাপাশি অভ্যন্তরীণ সংকট নিরসনে কড়া বার্তা দিয়েছেন আব্দুর রহমান খান। তিনি জানিয়েছেন, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কাস্টমসের কার্যক্রম নিয়ে কারও কোনো অভিযোগ নেই এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।
সম্প্রীতির বার্তা দিলেও সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আন্দোলন কয়েক হাজার করলেও চাকরি গেছে মাত্র ৫ জনের, তাই যারা মন দিয়ে কাজ করবেন তাদের ভয় পাওয়ার কিছু নেই।
আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, সেজন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে।
০৭-জুলাই/ডিজিবিটেক/আমোখা







