৫ জিতে বিনিয়োগে বিশ্বব্যাংকের আগ্রহ

৬ নভেম্বর, ২০১৯ ১২:০১  
ফাইভজি প্রযুক্তি চালু করতে বাংলাদেশ সরকারকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট সিও চিউ কুয়াক। মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এই সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র ডিজিটাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট রাজেন্দ্র সিংহ এবং শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ টিএম আসাদুজ্জামান। অপরদিকে বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস এবং টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহসিনুল আলম। বৈঠক সূত্রে জানাগেছে, প্রতিনিধিদলের সদস্যরা দেশের অগ্রগতির প্রতিটি সূচকসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে। দেশের টেলিযোগাযোগ খাত বিশেষ করে ২০২৩ সালের মধ্যে ফাইভজি প্রযুক্তি চালু করতে আর্থিক ও কারিগরি সহায়তার পাশাপাশি আগামী ৭ নভেম্বর বাংলাদেশের প্রস্তুতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে অংশ নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।