৫ ঘণ্টা পর মোবাইল ইন্টারনেটে ফিরেছে ফেসবুক-মেসেঞ্জার
বন্ধ থাকার পাঁচ ঘণ্টা পর ফের মোবাইল ইন্টারনেটে চালু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। তবে বন্ধ রয়েছে টেলিগ্রাম। সূত্রমতে, শুক্রবার সন্ধ্যা সাতটার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করলেও প্রক্রিয়াগত কারণে সবার ক্ষেত্রে চালু হতে কিছুটা সময় লাগবে। এদিকে সন্ধ্যার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কমে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
নাম প্রকাশ না করার সূত্রে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, চলমান আন্দোলন ঘিরে যেনো গুজব সরাতে না পারে সেজন্য জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছিলো। জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রা নিয়ে আসে শিক্ষার্থী, জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন মাঠে নামে তখন থেকেই এই ব্যবস্থা কার্যকর করা হয়। ভুক্তভোগীরা জানিয়েছেন, ওই সময়ে তারা ফেসবুক, ম্যাসেঞ্জার ছাড়াও ইনস্টগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা পড়েন। ইনস্টাগ্রামে ছবি আপলোড হচ্ছিলো না। একই ভাবে হোয়াটস অ্যাপে রিং হলেও কানেক্টিং হয়ে কেটে যাচ্ছিলো।
এদিকে রোববার (৪ আগস্ট) এর মধ্যে গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়ে গণসমাবেশ শেষ হওয়া পর মেটার অ্যাপগুলো ফের চালু হয়েছে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা শুরু হলে গেল ১৭ জুলাই রাত থেকে দুই সপ্তাহ ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক বন্ধ ছিল। পরে ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের চালু হয়।
ওইদিনই দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ করেছিল। ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ এবং ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের বেশি কন্টেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ।





