৩০ জুনের মধ্যে ঝুলন্ত তার অপসারণের আল্টিমেটাম উত্তর মেয়রের
আগামী ৩০ জুনের মধ্যেই নগরীর ঝুলন্ত তার অপসারণ করতে সময় বেধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তা না হলে ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কড়া হুমকী দিয়েছেন ঢাকা উত্তরাংশের নগরপিতা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নগর ভবনে ওভারহেড ক্যাবল স্থানান্তর এবং বিভিন্ন সংস্থার খনন করা রাস্তা মেরামত সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আল্টিমেটাম দিয়ে ডিএনসিসি মেয়র বলেন, 'রাস্তা খননকারী প্রতিষ্ঠানসমূহ কমপ্লায়েন্স না মানায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায়, আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না।'
মো. আতিকুল ইসলাম বলেন, 'ওভারহেড ক্যাবলগুলো পরিকল্পিতভাবে মাটির নিচে স্থানান্তর করতে হবে এবং রাস্তা খননের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে অবশ্যই সমন্বয় করতে হবে।'
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম এবং অংশীজনদের মধ্যে ইন্টারনেট সেবাদাতাদর সংগঠন আইএসপিএবি জ্যেষ্ঠ সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক এবং পরিচালক সাকিফ আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।