সোমবার থেকে ভার্চুয়ালি চলবে আপিল বিভাগের বিচারকাজ

১১ এপ্রিল, ২০২১ ২০:২২  
সোমবার (১২ এপ্রিল) থেকে ভার্চুয়ালি চলবে আপিল বিভাগের বিচারকাজ। সীমিত পরিসরে বিচারকাজ পরিচালনা করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় প্রধান বিচারপতির নির্দেশক্রমে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়, করোনাভাইরাস প্রার্দুভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সীমিত পরিসরে বিচার কার্যক্রম পরিচালিত হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ৫ এপ্রিল থেকে সরকারের দেওয়া কঠোর নিষেধাজ্ঞার মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যক্রম বন্ধ ছিল। শুধু সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বিচারকাজ পরিচালনা করে আসছিলেন।