সহস্রাধিক পারমাণবিক বোমা বানাবে চীন: পেন্টাগন
আগামী ২০৩০ সালের মধ্যে এক হাজারেরও বেশি পারমাণবিক বোমা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন।
চীনের পারমানবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই তথ্য ফাঁস করেছে মার্কিন প্রতিরক্ষা অধিদফতর।
‘মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপল’স রিপাবলিক অব চায়না (পিআরসি) ২০২১’ প্রতিবেদন উধ্বৃত করে পেন্টাগন জানিয়েছে, ২০২০ সাল থেকে পারমাণবিক প্রকল্প উন্নয়নে বড় বিনিয়োগ শুরু করেছে চীন। দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্য নির্ধারণ করেছিলো কিন্তু চলতি বছর চীন উৎপাদনের লক্ষ্যমাত্রা এখন ২০২৭ সালের মধ্যে ৭০০ এবং ২০৩০ সালের মধ্যে ১০০০ ছাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিসহ বোমা উৎক্ষেপণের জন্য জল-স্থল ও আকাশপথে প্ল্যাটফরম নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে চীন। ইতিমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করেছে তারা’
তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পারমাণবিক শক্তি সম্প্রসারণের পরেও, বেইজিং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে রয়েছে। তাদের আছে ৩৫০টি পারমাণবিক ওয়্যারহেড। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রের আছে ৫৫০টি এবং রাশিয়ার আছে ৬২৫৫টি।