শর্তসাপেক্ষে জার্মানীতে হোয়াটসঅ্যাপের উপর নিষেধাজ্ঞা
জার্মানীর নিয়ন্ত্রক সংস্থা মনে করে নতুন প্রাইভেসি পলিসির অধীনে হোয়াটসঅ্যাপের গ্রাহকদের ডেটা সংগ্রহের প্রক্রিয়াটি আইনত বৈধ নয়। তাই দেশটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ বন্ধ করার নির্দেশনা দিয়ে তিন মাসের জরুরী নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানী। খবর এনগ্যাজেট।
হামবার্গ প্রাইভেসি অথরিটির প্রধান জোহার্নেস ক্যাসপার বলেন, নতুন নীতিমালা খুবই বৃহৎ এবং এতে ধারাবাহিকতা ও স্বচ্ছতা নেই। তিনি ধারণা করছেন ফেসবুক ইতিমধ্যেই ডেটার অপব্যবহার করেছে এবং এটি চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া জার্মানীর নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তাই এই অপব্যবহার রোধ করা এখনই জরুরী।
ক্যাসপার ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছে এবং এমন আইন প্রয়োগের কথা বলেছে যা ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সকল দেশের জন্য প্রযোজ্য হয়। এর আগে ২০১৬ সালেও তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ বন্ধ করা এবং সংগৃহীত ডেটাগুলো মুছে ফেলার জন্য নির্দেশনা দিয়েছিলেন।
ফেসবুক ক্যাসপারের এই দাবিতে অস্বীকার করেছে। শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্লুমবার্গকে জানিয়েছে, আমাদের লক্ষ্য এবং নতুন নীতিমালার প্রভাবকে ভিত্তিহীনভাবে ভুল বুঝে এই আদেশ দেয়া হয়েছে। তবে জার্মানীর এই নিষেধাজ্ঞা হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা বন্ধ করতে পারবে না।
আগামী ১৫ মে এর মধ্যে ব্যবহারকারীদের নতুন নীতিমালাতে সম্মতি জানাতে হবে।
ডিবিটেক/বিএমটি