বিয়ের খবরে ভাইরাল তাহসান-রোজা

বিয়ের খবরে ভাইরাল তাহসান-রোজা
৪ জানুয়ারি, ২০২৫ ১৩:৪১  

শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া হলুদের ছবি নিয়ে রীতিমতো হৈ-হুল্লোড় শুরু হয়েছে ভক্তদের মাঝে। ছবিটি জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ। তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’

এরপর থেকেই অনলাইনে চলছে কে এই রোজা টাইপের অনুসন্ধান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়।

তবে রোজা আহমেদের সঙ্গে এখনো বিবাহবন্ধনে আবদ্ধ হননি বলে জানিয়েছেন তাহসান খান। দেশের প্রথম সারির একটি দৈনিকে তিনি বলেছেন, এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’ 

জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

প্রসঙ্গত, তাহসান খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। লম্বা প্রেমের পর ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যাসন্তান আইরার মা–বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।