রাজধানীর আগারগাঁওয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ১২ তলা নিজস্ব ভবন। করোনায়ও থেমে নেই কাজ। চলছে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যেই।
ইতোমধ্যেই শেষ হয়েছে ভবনের চতুর্থ তলার কাজ। শুক্রবার শুরু হলো পঞ্চম তলার ছাদ ঢালাই।
সকালে প্রকল্প পরিচালক ও বিটিআরসির মহাপরিচালক প্রশাসন দেলোয়ার হোসেন ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন। এসময় প্রকল্পের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন।
গতবছর মার্চে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

প্রসঙ্গত, ভবন নির্মাণে ২০১৮ সালের আগস্টে টেন্ডার দেয় বিটিআরসি। একই বছরের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা একনেকে অনুমোদন দেন।
প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী, বর্তমানে বছরে ১০ কোটি টাকা অফিস ভবন ভাড়া বাবদ ব্যয় হচ্ছে। নতুন ভবন নির্মাণ হলে তা নিজেদের ব্যবহার এবং ভাড়া দিয়ে বছরে অন্তত ২০ কোটি টাকা সরকার সাশ্রয় করতে পারবে।
বিটিআরসি ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিটিআরসির এই ভবন ১৫ তলার ফাউন্ডেশন দিয়ে ১২ তলা হবে। সেখানে খরচ হবে ২১৯ কোটি টাকা। ভবনে তিনটি বেজমেন্ট রয়েছে। দুই বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা।