ফের মন্ত্রণালয় সেরা আইসিটি বিভাগ

৫ জুলাই, ২০২২ ১১:০৮  
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে সর্বোচ্চ ৯৮.৬৬ নম্বর পেয়ে দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এই সম্মাননা দেয়া হয়। মঙ্গলবার আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে উদযাপন করা হয় এই অর্জন উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট, সনদ ও প্রধানমন্ত্রী সাক্ষরিত অভিবাদন বার্তা মন্ত্রীর হাতে তুলে দেন আইসিটি বিভাগের জ্যৈষ্ঠ সচিব নিয়াজ মোহাম্মাদ জিয়াউল আলম। এসময় এই অর্জনের অংশীদার হিসেবে আইসিটি বিভাগের সিনিয়র সচিব, সকল সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকগণকে তাদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে অভিভূত পলক উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শে ২০৪১ সাল নাগাদ "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯৪.৯৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নের ৭৬টি সূচকের মধ্যে ৬৫টিতে শতভাগ সফলতা অর্জন করে আইসিটি বিভাগ সেরা হয়েছিল। আর এবার ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নের ৬৩টি সূচকের মধ্যে ৬০টিতে শতভাগ সফলতা অর্জন করে আইসিটি বিভাগ সেরা হয়। এর স্বীকৃতি হিসেবে  গত ৩ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সম্মাননা স্বারক গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।