ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পেছালো

১৩ নভেম্বর, ২০২৪ ১৭:১২  

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে তা পরিবর্তন করে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত যানজট ও শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এখনও পর্যন্ত কতজন আবেদন করেছেন জানতে চাইলে মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সব ইউনিটে মোট ১ লাখ ৬২ হাজার আবেদন জমা পড়েছে।