টেলিটক নেটওয়ার্ক প্রকল্প ফেরত দিলো একনেক

১১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৯  
গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবাপ্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্প পুনঃ যাচাইয়ের জন্য ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। পরামর্শ দেয়া হয়েছে প্রকল্পটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২৮তম সভায় দুই হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হলেও ৩ হাজার ২৭৯ কোটি টাকার প্রস্তাবিত এই প্রকল্পটি পাশ হয়নি। বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনা সচিব নুরুল আমিন। তিনি বলেন, গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবাপ্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পটি উপস্থাপন করা হলে সম্ভাবতা যাচাইয়ের জন্য সেটি আবার ফেরত দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে বলেছেন, টেলিটকের দায়িত্ব বাড়াতে হবে। প্রকল্পটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করে তারপর একনেকে উপস্থাপন করতে হবে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গীস এসময় উপস্থিত ছিলেন।