জেডি ডটকমে তালিকাভুক্ত অ্যাপল আইফোন ৯

৭ এপ্রিল, ২০২০ ০১:১৪  
আইফোন এসই, যেটি আগে আইফোন ৯ হিসেবেও পরিচিত ছিলো; অ্যাপলের এই নতুন আইফোনটি গতমাসে বাজারে আসার কথা ছিলো। করোনাভাইরাসের কারণে মার্চে না আসতে পারলেও এপ্রিলের ১৫ তারিখে আসতে পারে ফোনটি। খবর জিএসএম এরিনা। চীনা ই-টেইলার জেডির ওয়েবসাইটে নতুন এই আইফোনের জন্য আলাদা পেজ তৈরি করা হয়েছে। যেখানে ডিভাইসের নাম আইফোন ৯ বলা হয়েছে, আইফোন এসই (২০২০) নামে নয়। তবে পেজটিতে কোনো স্পেসিফিকেশন অথবা উন্মোচনের তারিখ উল্লেখ করা হয়নি। তবে এটি বোঝাই যাচ্ছে শিগগিরই সবার সামনে আসবে ফোনটি। এটি হবে আইফোন ৮ এর পরবর্তী সংস্করণ। যাতে থাকবে ৪.৭ ইঞ্চির স্ক্রিণ, টাচ আইডি হোম বাটন, অ্যাপল এ১৩ বায়োনিক চিপসেট ও পিছনে ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। দাম হতে পারে ৩৯৯ ডলার। শোনা যাচ্ছে ৫.৫ ইঞ্চির আইফোন ৯ প্লাসও আনতে পারে অ্যাপল। ডিবিটেক/বিএমটি