চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় স্টার্টআপ বাংলাদেশ

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩০  
চূড়ান্ত অনুমোদন পেতে চলতি মাসেই মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি বিল। বিলে অনুমোদন পেলেই নির্বাচিত স্টার্টআপ কম্পানির সিড স্টেজে ১ কোটি গ্রোথ লেভেলে সর্বোচ্চ ৫ কোটি টাকা অর্থায়ন করবে সম্পূর্ণ সরকারি মালিকনাধীন এই ভেঞ্চার ক্যাপিটেল কোম্পানি। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, একজন উদ্যোক্তা সফল হলে সৃষ্টি হয় লাখ লাখ মানুষের কর্মসংস্থান। তাই এই সুযোগ কাজে লাগাতে আগামী বছরেই স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে ১০০টি প্রতিষ্ঠানে অর্থায়ন করা হবে। একইভাবে ২০২১ সালের মধ্যে ১ হাজার প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে। শুধু অর্থায়নই নয় নির্বাচিত স্টার্টআপকে মেন্টরিং সাপোর্ট এবং ওয়ার্কিং স্পেস দেয়ার মাধ্যমে সহযোগিতা করা বেলেও জানিয়েছন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য আমরা মন্ত্রীসভার বৈঠকে এই বিলটি উপস্থাপন করতে পারবো। এরআগে গত ২০ আগষ্ট নিয়মিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে কোম্পানিটির নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন আইডিয়া প্রকল্প বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনায় ২০১৬ সাল থেকে কাজ করছে। এই কাজকে এগিয়ে নিতে চলতি বাজেটে স্টার্টআপ খাতে অর্থমন্ত্রী ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন।