গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ বাড়লো ১০ টাকা

৮ জানুয়ারি, ২০২৪ ২০:০২  

সর্বনিম্ন রিচার্জে পরিমাণ ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রামীণফোন। গ্রাহকদের এসএমএস দিয়ে এ তথ্য জানিয়েছে গ্রাহক সংখ্যাং শীর্ষে থাকা অপারেটরটি। এছাড়া প্রিপেইড গ্রাহকরা তাদের মাইজিপি অ্যাপেও সতর্কীকরণ এ নোটিশ দেখতে পারছেন।

গ্রাহকের কাছে পাঠানো এসএমএসে গ্রামীণফোন বলছে, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মতো ব্যবহার করা যাবে। মাইজিপি অ্যাপেও এ নিয়ে নোটিশ দেয়া হয়েছে। তাতে লেখা, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। নতুন নোটিশ অনুযায়ী, এই সুবিধাটি বন্ধ হয়ে যাবে মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১২টায়। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন নিয়ম অর্থাৎ, সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ চালু হবে।

এদিকে গ্রামীণফোনের এ সিদ্ধান্তে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ শুরু করেছেন গ্রাহকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তারা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

এ নিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, গ্রাহকের ক্রয় করার স্বাধীনতা রয়েছে, গ্রাহককে কোনোভাবেই তার নির্দিষ্ট পরিমাণ সেবা নির্দিষ্ট অর্থে ক্রয় করতে বাধ্য করা যাবে না।
যা ভোক্তা অধিকার আইন ২০০৯, এবং বাংলাদেশ প্রতিযোগিতা আইন ২০১৫ অনুযায়ী এটি সম্পূর্ণ সাংঘর্ষিক। কোন গ্রাহককে সুনির্দিষ্ট মাত্রার নির্ধারণ করে অর্থ আদায় করা অন্যায়। এই সর্বনিম্ন রেট বিটিআরসি যদি গ্রাহকদের স্বার্থ রক্ষা কারী প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে কোনভাবেই এর অনুমোদন দেবার কথা নয়। সরকার যেখানে প্রান্তিক পর্যায়ে নাগরিকদের টেলিযোগাযোগ ইন্টারনেট সেবার আওতায় আনতে চাচ্ছে। সেখানে সর্বনিম্ন ৩০ টাকা মূল্য নির্ধারণ এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে এই সেবার বাইরে রাখার একটি প্রক্রিয়া মাত্র। গ্রাহকের সেবা বা পণ্য ক্রয় করার ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। আপনি কখনো একজন গ্রাহককে বলতে পারবেন না যে আপনাকে এক কেজি কিনতে হবে। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কেনার সুযোগ থাকতে হবে। আমরা এই সিদ্ধান্ত মানি না। কমিশনকে এই নির্দিষ্ট মাত্রার রিচার্জ বাতিল করে গ্রাহককে তা সাধ্য এবং সুবিধামত রিচার্জ করার সুযোগ দেবার আহ্বান জানাচ্ছি।