করোনা টিকার জন্য জোট বাঁধলো ইউরোপের ৪ দেশ

১৪ জুন, ২০২০ ১১:৪৬  
বর্তমানে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সম্ভাব্য করোনাভাইরাসের টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত এ টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। এ প্রতিষ্ঠানটির সঙ্গেই চুক্তিতে উপনীত হয়েছে চার দেশের জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স (আইভিএ)। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান। আশা করা হচ্ছে, ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিনটির উন্নয়নকাজ বা বাজারজাতের প্রস্তুতি সম্পন্ন হবে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবামাধ্যম ডিডব্লিউ। খবরে বলা হয়েছে, ইউরোপের অন্য দেশগুলোও এই কর্মসূচিতে যোগ দিতে পারবে।