করতোয়ার পাড়ে ১০২ একরে নির্মাণ হবে হাইটেক পার্ক: পলক

১৬ অক্টোবর, ২০২১ ১৭:৩২  

বগুড়ার করতোয়া নদীর পাড়ে ১০২ একর স্থান জুড়ে অত্যাধুনিক হাইটেকপার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১৬ অক্টোবর, বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

হাইটেক পার্কের পাশাপাশি বগুড়ায় ১০০কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার-স্থাপন এবং পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইনকিউবেশন হাব নির্মাণের ঘোষণাও দেন জুনাইদ আহমেদ পলক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো বাংলাদেশকে বিকেন্দ্রীকরণের দর্শন বাস্তবায়নে কাজ করছে সরকার উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী সনদ নির্ভর শিক্ষা নয়, দক্ষতা নির্ভর শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। সেখানে শুধুমাত্র শ্রমের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যতের যে টার্গেট ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার তা শুধুমাত্র শ্রম দিয়ে আমরা সেই জ্ঞানভিত্তিক, উন্নত অর্থনীতির বাংলাদেশ গড়তে পারবো না। তার জন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা। জ্ঞানভিত্তিক একটি অর্থনীতি গড়ে তোলা। সেজন্য আমাদের প্রয়োজন, শুধুমাত্র সনদ নির্ভর শিক্ষা নয়, একটি দক্ষতা নির্ভর শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা। যারা শিক্ষার পাশাপাশি দক্ষতাতে, দক্ষতা অর্জন করবে প্রযুক্তিখাতে। তারা চাকরির পেছনে ছুটবে না। তারা নিজেরা নতুন নতুন স্টার্টআপ নিয়ে, নিজেরা উদ্যোক্তা হয়ে হাজার হাজার, লক্ষ-লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, উপাচার্য মো. মুজাফফর হোসেন এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার।