ওয়েবেও ছবি ক্রপিং বন্ধ করলো টুইটার

১৩ নভেম্বর, ২০২১ ১০:০৫  
ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইলের পর ওয়েবেও স্বয়ংক্রিয়ভাবে ছবি ক্রপিং করা বন্ধ করেছে টুইটার। ফলে ব্যবহারকারীরা ওয়েবে পোর্ট্রেইট ছবি পোস্ট করলে এখন তা সম্পূর্ণ আকারেই দেখাচ্ছে। তবে এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অন্য ওয়েবসাইটে ‘এম্বেড’ করা ছবি টুইট করা হলে সেটির আকৃতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। অন্য কোনো সাইটের লিংকের প্রিভিউ ১৬:৯ অনুপাতে দেখায় টুইটার। এজন্য অনেক সময়ই সংবাদমাধ্যমগুলোকে আলাদাভাবে টুইটে ছবি যোগ করতে দেখা যায়। টুইটারের স্বয়ংক্রিয় ক্রপিং নিয়ে অভিযোগ নতুন নয়। গতবছরও গবেষকরা দেখিয়েছিলেন কীভাবে সাদা ও কালো চেহারার ছবি হলে টুইটারের অ্যালগরিদম সাদা চেহারাকে রেখে কালো চেহারাটিকে কেটে দেয়। অবশ্য হ্যাকারদের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে অ্যালগরিদমের সেই সমস্যা এরই মধ্যে ঠিক করেছে টুইটার কর্তৃপক্ষ।