এবার গ্রুপ মেসেজে এনক্রিপশন আনছে গুগল
প্রায় এক বছর আগে ওয়ান টু ওয়ান যোগাযোগে এনক্রিপশন সুবিধা চালু করে গুগল। এবার গ্রুপের জন্যও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। চলতি বছর শেষে ওপেন বেটা সংস্করণে ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে এনগ্যাজেট।
সম্প্রতি গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একথা জানানো হয়। তবে গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বিষয়ে সার্চ ইঞ্জিন জায়ান্টটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের ধারণা এটি ওয়ান-টু-ওয়ান অপশনের মতোই কাজ করবে।
ফিচারটি ব্যবহারে গ্রুপে যারা থাকবে সবাইকে রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) চালু করতে হবে। এ পরিপ্রেক্ষিতে যখন কেউ গ্রুপে কোনো মেসেজ শেয়ার করতে যাবে, তখন সেটি এনক্রিপ্টেড কিনা তা সহজেই জানতে পারবে। এক্ষেত্রে মেসেজে লক আইকন থাকবে ও সেন্ড বাটন দেখা যাবে।
বর্তমানে আরসিএস ফিচারসহ গুগলের মেসেজিং অ্যাপে ৫০ কোটির বেশি মাসিক ব্যবহারকারী রয়েছে। অর্থাৎ প্লাটফর্মটিতে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবহারকারী রয়েছে, যারা গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড ফিচারের সুবিধা নিতে পারবে। যদি সবাই আরসিএস এবং এন্ড-টু-এন্ড এসক্রিপশন ফিচার চালু করে, তাহলে একটি গ্রুপে কোন বিষয়ে আলোচনা হচ্ছে বা মেসেজ শেয়ার করা হচ্ছে, সে বিষয়ে বাইরের কেউ তথ্য পাবে না। ফলে গ্রুপ সদস্যদের কথোপকথন সুরক্ষিত থাকবে।
ডিবিটেক/বিএমটি