এআইনির্ভর চ্যাট মেমরি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

২১ অক্টোবর, ২০২৪ ১৫:০৯  

হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার আনার ক্ষেত্রে অতি তৎপর। কিছুদিন অন্তর মেটা মালিকানাধীন এই সংস্থাটির নতুন ফিচার আনার খবর সামনে আসে। এবারেও একই কারণে সংবাদ শিরোনামে উঠে এলো হোয়াটসঅ্যাপের নাম। এবারে মেটা এআইনির্ভর নতুন ‘চ্যাট মেমরি ফিচার’ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন ফিচারটি আনার খবর প্রকাশ করেছে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২২.৯ বেটা সংস্করণে নতুন এই ফিচারের দেখা মিলেছে। বলা হয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচারটি আনা হচ্ছে।

শেয়ার করা এক স্ক্রিনশটে দেখা যাচ্ছে, এই ফিচারের সাহায্যে মেটা এআই চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে আগে শেয়ার করা তথ্য মনে রাখবে। মনে রাখা এসব তথ্য ব্যবহার করে পরবর্তীতে ব্যবহারকারীদের আরও সঠিক এবং নির্দিষ্ট উত্তর সরবরাহ করবে হোয়াটসঅ্যাপ। যেমন, মেটা এআই ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ মনে রাখতে পারে, যেমন তারা নিরামিষাশী কিনা, তাদের জন্মদিন এবং এমনকি তাদের আনুষ্ঠানিক কথোপকথনের শৈলী ইত্যাদি।

এআই চ্যাটবট-এর বিশেষ বৈশিষ্ট্য হল এতে ডকুমেন্টারি ও পডকাস্টের পাশাপাশি ব্যবহারকারীর পছন্দের বইটিও মনে রাখতে পারবে। তবে সংরক্ষিত তথ্য মুছে ফেলার সুবিধাও থাকছে।

আপাতভাবে বেটা সংস্করণে ফিচারটি এসেছে। শিগগিরই স্থিতিশীল সংস্করণটি উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি