ইনস্টাগ্রামে ডেস্কটপ থেকে ছবি পোস্ট করার সুবিধা

২৫ জুন, ২০২১ ০০:২০  
প্রথমবারের মতো নিজস্ব অ্যাপের বাইরে থেকে পোস্ট করার সুবিধা দিচ্ছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ ব্রাউজার থেকে পোস্ট করতে পারবে, এমন পরীক্ষা চালাচ্ছে ফটো শেয়ারিং অ্যাপটি। খবর এনগ্যাজেট। ইনস্টাগ্রামের একজন মুখপাত্র জানিয়েছে, আমরা জানি কম্পিউটার থেকে অনেকেই ইনস্টাগ্রামে অ্যাক্সেস করেন। তাদের অভিজ্ঞতাকে উন্নত করতে আমরা ডেস্কটপ ব্রাউজার থেকে ফিড পোস্ট করার পরীক্ষা চালাচ্ছি। প্রথমদিকে অভ্যন্তরীণ অর্থাৎ কর্মীদের মাধ্যমে পরীক্ষা চালালেও ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী নতুন ফিচারটি পেয়েছেন। তারা ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে পারছেন। ব্যবহারকারীরা ডেস্কটপ ব্রাউজার থেকেই একাধিক ছবি আপলোড, সম্পাদনা ও ফিল্টার যুক্ত করতে পারবেন। আর এর মাধ্যমে ইনস্টাগ্রাম ওয়েবসাইটটি অধিক কার্যকরী হবে বলে মনে করছেন অনেকেই। ডিবিটেক/বিএমটি