আমার মনে হচ্ছে আমিও টিকা নিই : প্রধানমন্ত্রী

২৭ জানুয়ারি, ২০২১ ১৬:২০  
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োগ করা হয় ভারত থেকে নিয়ে আসা এ প্রতিষেধক। প্রথম এই টিকা গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। পরপর চারজনকে এই টিকা প্রদান করা হয়। এরা হলেন চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এসময় হাত তালি দিয়ে প্রধানমন্ত্রী বলেন,“মনে হচ্ছে আমরাও যেয়ে নিয়ে আসি। আগে নিলে বলবে, নিজেই নিলো, কাউকে দিলো না। সবাইকে দিয়ে নিই, তারপরে। ” টিকাদানের মাধ্যমে দেশ করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগিরি ঢাকার বাইরেও টিকা দেয়া হবে। সবাই যেনো স্বাস্থ্য সুরক্ষা পায় সেজন্য আমরা ব্যবস্থা করবো। ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে থেকে কেনা ৩ কোটি ৪০ লাখ ডোজের মধ্যে ইতোমধ্যেই ৫০ লাখ ডোজ চলে এসেছে।  আশা করি আমরা টিকাদান কার্যক্রমে সফল হব। আর এ অনুষ্ঠানের মাধ্যমেই উদ্বোধন করা হয় আইসিটি বিভাগের তত্বাবধানে তৈরি টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশন। অনুষ্ঠান শেষে জানানো হয়, যারা টিকা নিতে চান, তাদের সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।