“কোড ফর অ্যা কজ” সেরা কোয়ার্কিবিটস্
নারীদের জন্য চ্যাটবোটভিত্তিক আইনগত সহযোগিতার ধারণা দিয়ে বাংলালিংক এসডিজি হ্যাকাথন “কোড ফর অ্যা কজ” প্রতিযোগিতায় প্রথম হয়েছে টিম কোয়ার্কিবিটস্। এছাড়াও শিশুদের জন্য ডিজিটাল শিক্ষার অ্যাপ দিয়ে টিম বিনটএক্স দ্বিতীয় এবং ড্রোনভিত্তিক বীজবপন পদ্ধতির উপর পরিকল্পনা উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করেছে টিম এরিয়াল এক্স।
গুলশান টাইগার গার্ডেনে গত ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী এই হ্যাকাথন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলালিংক ডিজিটাল কম্যুনিকেশন লিমিটেডের কর্পোরেট কম্যুনিকেশনস সিনিয়র ম্যানেজার আংকিত সুরেকা।
তিনি জানান, উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস্) সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উৎসাহ দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় দফায় “কোড ফর অ্যা কজ” আয়োজন করে বাংলালিংক।
আগ্রহী তরুণরা অনলাইন সাবমিশনের মাধ্যমে বাংলালিংক এসডিজি হ্যাকাথন-এ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের ডিজিটাল পরিকল্পনার কার্যকারিতার ভিত্তিতে নির্বাচিত ৩ সদস্য বিশিষ্ট ২৫টি দল হ্যাকাথনে অংশগ্রহণ করে কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, জলবায়ু ও লৈঙ্গিক সমতা বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করে সেগুলি উপস্থাপন করে।
২৪ ঘন্টাব্যাপী প্রতিযোগিতাপূর্ণ এই হ্যাকাথন শেষে সেরা ৩টি দলের নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান।