৪৮৯ শিশুকে জামিন দিয়েছে ভার্চুয়াল কোর্ট

১৩ জুন, ২০২০ ২০:৫৭  
বিভিন্ন অভিযোগ থেকে ৪৮৯ শিশুকে জামিন দিয়েছে ভার্চুয়াল আদালত। ভার্চ্যুয়াল কোর্টের ২০ কার্যদিবসে জামিনপ্রাপ্ত এই শিশুদের মধ্যে ৪৬০ শিশুকে ইতোমধ্যে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ শিশুকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জামিনপ্রাপ্তদের মধ্যে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রের শিশুও রয়েছে বলে জানিয়েছেন  সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তিনটি কেন্দ্র হচ্ছে, গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক), গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) এবং যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক)। তিনি আরো জানান, গত ১২ মে থেকে শিশুদের জামিন শুনানি শুরু হয়। ১১ জুন পর্যন্ত কেন্দ্রে থাকা ৪৪২ শিশু জামিন পেয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত শিশু অধিকারসংক্রান্ত সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি  শিশুদের বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে শিশুদের বিষয়ে নিয়মিত অবহিত করা হচ্ছে এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। শিশুদের জামিন–পরবর্তী সুরক্ষার দিকগুলো ইউনিসেফ দেখছে। সংস্থাটি ওই কমিটির কাছে নিয়মিত প্রতিবেদনও দিচ্ছে।