৪০ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন

২২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৪  
৪০ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং চট্টগ্রামে একটি মেরিন টেকনোলজি স্থাপনে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভার সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এবং অন্যান্য মন্ত্রী-সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষ থেকে একনেক সভায় অংশ নেন। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীকল্পনামন্ত্রী। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (প্রথম সংশোধন)’ প্রকল্প। এতে খরচ হচ্ছে ৩৩৫ কোটি ৭৮ লাখ টাকা। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় এক হাজার ২৬৬ কোটি ১৩ লাখ টাকা খরচে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।