৩০ দিনের ব্যাকআপ নিয়ে এলো শাওমির ইলেকট্রিক ব্রাশ

৯ জুন, ২০২০ ১৬:২৯  
শাওমি কিছুদিন আগেই তাদের নতুন প্রোডাক্ট, ইলেকট্রিক টুথব্রাশের টিজার পোস্ট করেছিল। এবার এই প্রোডাক্টকে কোম্পানি উন্মোচন করেছে। মি ইলেকট্রিক টুথব্রাশ টি১০০ নামে আসা এই টুথব্রাশ ৩০ দিন ব্যাটারি ব্যাকআপের সাথে এসেছে। এই টুথব্রাশটি বাজারে উপলব্ধ কোলগেট, ওরাল-বি এর ইলেকট্রিক টুথব্রাশকে টেক্কা দেবে। মি ইলেকট্রিক টুথব্রাশ টি১০০ এর দাম রাখা হয়েছে ৫৪৯ রুপি। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী মি ইলেকট্রিক টুথব্রাশ টি১০০ আলট্রা সফ্ট ব্রিসেলস এর সাথে এসেছে। টাইমারের সাহায্যে দাঁতের কোন জায়গায় কত সময় ধরে ব্রাশ করা দরকার তা সহজে বোঝা যাবে। এই ব্রাশ দাঁতের কোনো একটি স্থানে ৩০ সেকেন্ড থাকার পর কাজ বন্ধ রাখবে। এতে দুটি মোড আছে স্ট্যান্ডার্ড মোড ও জেন্টল মোড। দাঁতের অবস্থা অনুযায়ী আপনি এই মোড ব্যবহার করতে পারেন। এছাড়াও মি ইলেকট্রিক টুথব্রাশ টি১০০ ইউএসবি ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে এসেছে। এর ব্যাটারি লাইফ ৩০ দিন। এতে একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যা ব্যাটারি ও চার্জিংয়ের অবস্থা জানাবে। এর ওজন ৪৬ গ্রাম।