২৫ হাজার চার্জিং স্টেশন তৈরি করবে মারুতি
কিছুদিনের মধ্যেই ভারতের গাড়ির বাজারে নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। এটি হবে একটি মিড সাইজের এসইউভি যার নাম ইভিএক্স। তবে এই এসইউভি গাড়ি বাজারে আসার আগে মারুতি দেশজুড়ে মোট ২৫ হাজার চার্জিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে।
মারুতি চাইছে তাদের ব্যবসা দেশের ২৩০০টি শহরে আরও ৫১০০ সার্ভিস সেন্টারে ছড়িয়ে দিতে। সেজন্য তেল বিপণনকারী সংস্থা এবং বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে মারুতি, যাতে ভারতে একটি অসাধারণ চার্জিং পরিকাঠামো গড়ে তোলা যায়।
ক্রমেই বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে, বাড়ছে এই ধরনের গাড়ির ক্রেতার সংখ্যাও। আর তাই এই গ্রাহকদের কথা মাথায় রেখে পেট্রোল ডিজেল পাম্পের মত বৈদ্যুতিক গাড়ির জন্যও দরকার চার্জিং স্টেশন। এই চার্জিং ইকোসিস্টেম এখনও সেভাবে ভারতে গড়ে ওঠেনি। সেই কাজেই হাত দিতে চলেছে মারুতি।
মারুতি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ইভিএক্সের দাম রাখতে চাইছে ২০ লাখ থেকে ২৫ লাখ রুপির মধ্যে। আর এই গাড়ি বাজারে উন্মোচন হওয়ার প্রথম তিন মাসের মধ্যে ৩০০০ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। গুজরাতের কারখানাতে এই বৈদ্যুতিক গাড়িটি তৈরি করা হবে এবং প্রিমিয়াম নেক্সা আউটলেটগুলোতে এই গাড়ি বিক্রি হবে।
ডিবিটেক/বিএমটি







