২৫ মে থেকে মাইক্রোসফটের বিল্ড কনফারেন্স

৩ এপ্রিল, ২০২১ ২৩:২২  
করোনা মহামারির মধ্যে গত বছর বড় বড় আন্তর্জাতিক অনুষ্ঠান বন্ধ হলেও পরিস্থিতি সামলে অনেকগুলো অনুষ্ঠান অনলাইনে আয়োজন হয়েছে। চলতি বছরে আরও বেশকিছু প্রযুক্তি অনুষ্ঠান রয়েছে, যেগুলোর অধিকাংশই অনলাইনে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এমনই এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। শনিবার মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী ২৫ থেকে ২৭ মে আয়োজিত হবে বিল্ড ডেভেলপার কনফারেন্স। এটি শুধুমাত্র অনলাইনেই আয়োজিত হবে। তবে কবে থেকে নিবন্ধন শুরু হবে সেটি জানানো হয়নি। কোম্পানির ইভেন্ট পেজে বলা হয়েছে, মাইক্রোসফট বিল্ডে ডেভেলপার, আর্কিটেক্ট, স্টার্টআপ, শিক্ষার্থীরা একত্রিত হয়ে শেখেন, সংযুক্ত হন এবং কোডিং করেন। এছাড়া জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং আগামীর জন্য উদ্ভাবনের নতুন উপায় উপভোগ করেন। ডিবিটেক/বিএমটি