১৩ বছর পর কোম্পানি ছাড়ছেন ফেসবুকের সিটিও

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০১:০৯  
ফেসবুকের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ছেড়ে যাচ্ছে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইক স্কোয়েপফার। খবর এনগ্যাজেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোয়েপফার জানিয়েছেন, আগামী বছরের কোনো এক সময়ে তিনি ফেসবুকের প্রথম সিনিয়র ফেলো হিসেবে অস্থায়ী পদ পেতে যাচ্ছেন। এরপর থেকে তিনি ডেভেলপমেন্ট প্রক্রিয়া উন্নয়ন এবং মেধা উন্নয়নে সহায়তা করবেন। তিনি মূলত পরিবার ও জনহিতকর কাজে বেশি সময় দেয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন। ফেসবুকের বর্তমান হার্ডওয়্যার বিভাগের প্রধান অ্যান্ড্রেও বোসওর্থ ধারাবাহিকভাবে স্কোয়েপফারের স্থলাভিষিক্ত হবেন। ফেসবুকের সম্ভাবনাময় ভবিষ্যৎ রেখেও কোম্পানি ছেড়ে যাওয়া আসলেই একটি কঠিন সিদ্ধান্ত। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বলেছেন, স্কোয়েপফার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু। উল্লেখ্য, ২০০৮ সালে ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দেন স্কোয়েপফার। এরপর ২০১৩ সালে তিনি সিটিও হিসেবে দায়িত্ব নেন। ডিবিটেক/বিএমটি