১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে বিটকয়েনের দাম!

১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে বিটকয়েনের দাম!
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৭  
৫ জানুয়ারি, ২০২৫ ১৭:৩১  

২০২৪ সালে সর্বাধিক দাম বৃদ্ধির তালিকায় চকলেট তৈরির প্রধান উপাদান কোকোয়া শীর্ষস্থান দখল করেছে, পিছনে ফেলেছে বিটকয়েনকে। কোকোয়ার দাম বেড়েছে প্রায় ২০০ শতাংশ, যেখানে বিটকয়েনের মূল্য বৃদ্ধি হয়েছে ১২৮ শতাংশ। বিশ্লেষকদের পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে বিটকয়েনের দাম ১০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

ব্লুমবার্গের তৈরি তালিকায় দেখা যায়, বছরের শুরুতে প্রতি টন কোকোয়া বিক্রি হয়েছে ৪ হাজার মার্কিন ডলারে। বছর শেষে তা প্রায় ১৩ হাজার মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

কোকোয়ার এই দামের উর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে জলবায়ু পরিবর্তন। ২০২৪ সালে পশ্চিম আফ্রিকার বেশিরভাগ সময় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। মরুকরণের ফলে অঞ্চলটির দুই-তৃতীয়াংশ এলাকা চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এর পাশাপাশি, আইভোরি কোস্ট ও ঘানার মতো শীর্ষ উৎপাদনকারী দেশগুলোতে ফলন নেমে এসেছে ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

জলবায়ু পরিবর্তনের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও প্রভাব পড়েছে কোকোয়ার দামে। এই দুই দেশ থেকে সার আমদানির ওপর নির্ভরশীলতা থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে। যুদ্ধের কারণে সরবরাহ সংকট দেখা দেওয়ায় সারের মূল্যও বেড়েছে। তবে মার্কিন আবহাওয়া দপ্তরের মতে, এল নিনো চক্র শেষ হয়ে লা নিনা শুরু হলে কোকোয়ার ফলন আবার বাড়তে পারে।

অন্যদিকে, বিটকয়েনের দাম ২০২৪ সালে বেড়েছে ১২৮ শতাংশ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ক্রিপ্টো-বান্ধব নীতির কারণে এই উত্থান লক্ষ্য করা গেছে। যদিও বিটকয়েন একসময় ১ লাখ মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল, এবার কোকোয়ার সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। তবে বিশ্লেষকরা আশা করছেন, ২০৩০ সালের মধ্যে বিটকয়েনের দাম ১০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

ডিবিটেক/বিএমটি