১০ বছরে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৭ গুণ

১৭ জুলাই, ২০২৩ ২২:৩৭  

দেশে এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীর খানার সংখ্যা বেড়েছে ৫ শতাংশ পয়েন্ট। আর গত ১০ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সাত গুণ।

তিন বছরের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ, যা বেড়ে ২০২২ সালে ৩৮ দশমিক ১ শতাংশ এবং ২০২৩ সালে ৪৩ দশমিক ৬ শতাংশ হয়েছে।

২০২৩ সালের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২৩’ জরিপ বলছে, আর বর্তমান ইন্টারনেট ব্যবহারকারী খানার ৬৩ দশমিক ১ শতাংশই শহুরে, বাকি ৩৭ দশমিক ১ শতাংশ খানা গ্রামীণ জনপদের। খানা পর্যায়ে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। আর ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ।

সোমবার রাজধানীর আগারগাঁয়ে পরিসংখ্যান ভবনে এই জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানেপরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করে প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা শাকি বলেন, দেশের খানা পর্যায়ে ২০১৩ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৪ দশমিক ৮ শতাংশ। তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৬ শতাংশ।

এই তথ্য সংগ্রহে ৩০ হাজার ৮১৬টি খানা এবং এক লাখ ১২ হাজার ৬০০ মানুষের ওপর জরিপ চালিয়েছে সরকারি এই সংস্থা। আর নিজের বাসায় ইন্টারনেট ব্যবহারের হার বেশি।