হাওরের সফটওয়্যার প্রতিষ্ঠান উদ্বোধন

২০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৯  
উৎপাদিত সফটওয়্যারসহ ডিজিটাল পণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে সুনামগঞ্জ জেলার ধর্মপাশার প্রত্যন্ত গ্রাম আহমেদপুরে গড়ে তোলা হয়েছে অ্যাডভান্স অ্যাপ বাংলাদেশ। এখানে বসেই অ্যাপস তৈরি ও আউটসোর্সিং করছে ৪৮জন আইটি প্রকৌশলী ও প্রোগ্রামারের একটি দল। এই প্রতিষ্ঠানটির কার্যক্রমকে শনিবার রাতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠনে প্রত্যন্ত হাওরে একটি সফট্ওয়্যার ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করাকে ডিজিটাল বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেন দুই মন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী প্রত্যাশা করেন, নেত্রকোণা থেকে মোহনগঞ্জ, ধর্মপাশা ও তাহেরপুর হয়ে হাওরের উপর দিয়ে সাড়ে তের কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ সম্পন্ন হলে হাওরবাসির জীবনমান পাল্টে যাবে। এজন্য সিলেট থেকে নেত্রকোণা ট্রেন লাইন স্থাপনের কাজও করা হবে। তৈরি হবে দিরাই থেকে শাল্লা ও আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম যাবার মহাসড়ক।
হাওরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসুচি তুলে ধরে বলেন, নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জে কৃষিবিশ্ববিদ্যালয় পেয়েছি এবং কিশোরগঞ্জেও বিশ্ববিদ্যালয় হচ্ছে। পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নান
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হাওর, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে কাজ করছে।
সাড়ে তের কিলোমিটার উড়াল সড়ক চালু হওয়ার পর হাওরবাসির জীবনমান পাল্টে যাবে। যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন ছাড়াও পর্যটকদের কাছে এটি হবে একটি আকর্ষণীয় স্পট।এই অঞ্চলটি মালদ্বীপের চেয়েও আকর্ষণীয় হবে পর্যটকদের কাছে।-  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার 
কাউকে বাদ রেখে নয়, উন্নয়নে সকলের অন্তর্ভূক্তি নিশ্চিত করার মাধ্যমে জ্ঞান ভিত্তিক একটি ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগের ধারাবাহিকতায় গত এগারো বছরে হাওরসহ দেশের পিছিয়ে থাকার জনগোষ্ঠীসহ দেশের রূপচিত্র পাল্টে গেছে বলে উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। সুব্রতদাস খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাডভান্স অ্যাপস, বাংলাদেশ এর সিইও শফিউল আলম বিপ্লব আলোচনায় অংশ নেন।