স্পাইওয়্যার বাণিজ্যে নিষেধাজ্ঞা চান এডোয়ার্ড স্নোডেন
কেবল লাভের আশায় ম্যালওয়্যার তৈরিকে শিল্পের পর্যায়ে না নিয়ে বিভিন্ন দেশের সরকারের স্পাইওয়্যার বাণিজ্যে বৈশ্বিক স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বাহিনীর ((এনএসএ) গোপন কার্যক্রম ফাঁস করে পৃথিবীজুড়ে হৈচৈ ফেলে দেওয়া এডওয়ার্ড স্নোডেন।
এটা করা না হলে আগামী বিশ্বে রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের হাত থেকে কোনো মোবাইল ফোন নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের সঙ্গে আলোচনার সময় স্পাইওয়্যার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে স্নোডেন বলেন, গতানুগতিক পুলিশ কার্যক্রমে বাগ স্থাপন করতে বা কোনো সন্দেহভাজনের ফোন ওয়্যারট্যাপ করতে আইনপ্রয়োগকারী সংস্থাকে কোনো ব্যক্তির বাসায় অনুপ্রবেশ করতে হবে, বা গাড়ির কাছে যেতে হবে, বা তাদের অফিসে যেতে হবে, এবং আমরা মনে করতে পারি, তারা হয়তো ওয়ারেন্ট নিয়ে আসবে। কিন্তু বাণিজ্যিক স্পাইওয়্যার সাশ্রয়ী মূল্যে আরও বেশি মানুষকে নজরদারি লক্ষ্যবস্তুতে নিয়ে আসার সুযোগ দিচ্ছে। তারা যদি একই কাজ দূর থেকে করতে পারে, অল্প কিছু খরচে এবং কোনো ঝুঁকি ছাড়াই, তারা এটি সবসময় করা শুরু করবে, এমন যে কোনো ব্যক্তির বিরুদ্ধেও যিনি হয়তো সন্দেহের বাইরে রয়েছেন।
স্নোডেন আরও বলেন, আপনি যদি এ ধরনের প্রযুক্তির বিক্রি বন্ধে কোনো কিছু না করেন, তাহলে এটি আর ৫০ হাজার লক্ষ্যবস্তুতে থাকবে না। এটি পাঁচ কোটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এবং এটি আমাদের যে কারো ধারণার চেয়েও অনেক দ্রুত ঘটবে।
ম্যালওয়্যার বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়ে সাবেক মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এই ঠিকাদার আরও জানান, পেগাসাসের মতো বাণিজ্যিক ম্যালওয়্যার এতোটাই শক্তিশালী যে সাধারণ মানুষ কার্যকরীভাবে কোনো কিছুই করতে পারবে না এটি বন্ধ করতে। কেননা, বহুল ব্যবহৃত ফোন মডেলের দুর্বলতাকে বাণিজ্যিকরণ করছে ইচ্ছাকৃতভাবে রোগের নতুন স্ট্রেইন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আসলে এগুলো মোটিই সুরক্ষা পণ্য নয়। এগুলো কোনো ধরনের সুরক্ষা, কোনো ধরনের রোগ প্রতিরোধী নয়। তারা প্রতিষেধক বানায় না – তারা শুধু ভাইরাস বিক্রি করে।