সোশ্যাল মিডিয়ায় ডজন খানেক কোরবানির হাট

১৫ জুলাই, ২০২০ ১৬:১৩  
ওয়েব পোর্টালের পাশাপাশি কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গত কয়েক বছর ধরে সীমিত আকারে হলেও এবার পরিমাণ বেড়েছে কয়েকগুণ। বলতে গেলে শুরু থেকে জমজমাট হয়ে উঠছে। এরই মধ্যে খামারিদের বাইরে গ্রামের মাঠে চড়ে বেড়ে ওঠা অর্গানিক গরু বিক্রি করছে ‘শুদ্ধ’। ফেসবুক পেজ থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের ঘরে লালিত-পালিত গরু ও ছাগল বিক্রি করা হচ্ছে। কোরবানির পশুর ভিডিও দিয়ে সেখানে উচ্চাতা, ওজনের পাশাপাশি বয়স ও দাঁতের সংখ্যাও উল্লেখ করা হয়েছে। রয়েছে দর-দামের সুযোগ। ঈদের আগের রাতে বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গরু বিক্রিও হয়েছে। একই ভাবে ফেসবুক পেজ থেকে কোরবানির পশু বুকিং শুরু করেছে গরু হাট। গরু, ছাগলের পাশাপাশি এখানে রয়েছে ভেড়াও। বুধবারের মধ্যে বুকিং দিলেই বিক্রি মূল্যের ৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। একইভাবে গুরুর হাট, গরুর হাট বাংলাদেশ, কোরবানির হাট এমন ডজন খানেক পেজ থেকে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রির আয়োজন। এরমধ্যে কোরবানির গরুর হাট পেজের কোরবানির পশুর স্বাস্থ্য তথ্যও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াগুলো নানান পেজ আর গ্রুপগুলো যেনো কোরবানির ডিজিটাল বাজার হয়ে উঠেছে।